নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ AM

নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০৯:১৬:০২ AM

নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ


যুক্তরাষ্ট্র ইরানে হামলা সাময়িকভাবে বন্ধ রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
অন্যদিকে কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। এতে ইরান যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।

টানা ১৩ রাত ইরানে হামলার পর গত শনিবার যুক্তরাষ্ট্র নতুন করে কোনো বিমান হামলা চালায়নি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। তবে হঠাৎ করে হামলা স্থগিত রাখার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

একই দিনে ইরানও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে কোনো পাল্টা হামলা চালায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রায় প্রতিদিনই পাল্টা পদক্ষেপ নিয়েছিল তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প সব সময় কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দেন। তবে ইরানকে তিনি বুঝিয়ে দিয়েছেন, আলোচনায় না এলে কী ধরনের পরিণতি হতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত ইরানে হামলা আরও বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। সংঘাত আরও বিস্তৃত হওয়া, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতে চাপ, উপসাগরীয় মিত্রদের অসন্তোষ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকলেও ইয়েমেনে হুতি ও সৌদি আরবের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতে শুধু হরমুজ প্রণালিই নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগরের বাব আল-মানদেবও ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে ইয়েমেনে আবার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, শনিবার সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনায় হামলা চালানো হয়েছে।

রয়টার্সের যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ইয়েমেন সীমান্তের কাছে জিজানে আরামকোর শোধনাগারের দিক থেকে ধোঁয়া উড়ছে। ওই শোধনাগারে প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। এ বিষয়ে আরামকোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সৌদি সমর্থিত সরকারের বিমানবাহিনী মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন বাড়াচ্ছে।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালের যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটা কমে এলেও চলতি মাসে সেই সমঝোতা ভেঙে যায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে হুতিরাও সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে।

গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতিরা। সংগঠনটির নেতা আবদুল মালিক আল-হুতি সতর্ক করে বলেন, সৌদি আরবের সব তেল স্থাপনাই এখন হামলার লক্ষ্য হতে পারে।

অন্যদিকে, শনিবার ইরান অভিযোগ করেছে, কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, এ ঘটনায় তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এ হামলাকে ‘বৈরী ও অপরাধমূলক’ বলে উল্লেখ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইরানি জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য সংগ্রহ করা স্যাটেলাইট তথ্য ইরানের কাছে সরবরাহ করছে, যা তেহরানের সামরিক কার্যক্রমে সহায়তা করছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর