সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সম্পৃক্ত থাকার অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি এশিয়া পোস্ট পত্রিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে আহ্বায়ক এবং রেজিস্ট্রারকে সদস্যসচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।
অফিস আদেশে কমিটিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে শাবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকলে তাঁদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করা।
এ ছাড়া বিগত সরকারের আমলে শাবিপ্রবির কোনো শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন, শিক্ষার্থীদের হুমকি দেওয়া কিংবা এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন কি না, তাও অনুসন্ধান করবে তদন্ত কমিটি। তদন্ত শেষে কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে।
আজকের সিলেট/ জেকেএস









