পছন্দের দপ্তর না পাওয়ায় শপথের তিন দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৩ AM

পছন্দের দপ্তর না পাওয়ায় শপথের তিন দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৮:১৩:০৭ AM

পছন্দের দপ্তর না পাওয়ায় শপথের তিন দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ


নিজের পছন্দের দপ্তর না পাওয়ার অভিযোগে শপথ নেওয়ার মাত্র তিন দিনের মাথায় ভারতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করলেও শেষ পর্যন্ত তাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের নতুন সরকার গঠনের পরপরই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

রামালিঙ্গা রেড্ডির দাবি, মুখ্যমন্ত্রী তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত বুধবার কর্ণাটকের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন রেড্ডি। শপথের তিন দিনের মাথায় শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন। দপ্তর বণ্টন নিয়ে অসন্তোষ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রেড্ডি বলেন, ডি কে শিবকুমার আমাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে আমাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ডি কে শিবকুমার আমার বাড়িতে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, আমাকে বেঙ্গালুরুর দায়িত্ব দেওয়া হবে। আমি কোনো নির্দিষ্ট দপ্তর চাইনি। তিনিই এ প্রস্তাব দিয়েছিলেন এবং আমি তাতে সম্মতি জানিয়েছিলাম। রেড্ডির দাবি, মুখ্যমন্ত্রী তাকে দুবার একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এ কারণেই আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।

রামালিঙ্গা রেড্ডি আরও জানান, এখন তার পছন্দের দপ্তর দেওয়া হলেও তিনি ডি কে শিবকুমারের মন্ত্রিসভায় আর যোগ দেবেন না।

তার ভাষায়, এখন যদি আমাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরও দেওয়া হয়, তবুও আমি তা গ্রহণ করব না। আমি বিধায়ক হিসেবে কাজ করব এবং কংগ্রেসের সঙ্গেই থাকব।

এর আগে বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তার ১৩ সদস্যের মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রামালিঙ্গা রেড্ডি বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর পাওয়ার বিষয়ে অনড় ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর