দক্ষিণ সুরমা কদমতলিতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত দেলওয়ার হোসেন (৩৫) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। নিহত দেলওয়ার হোসেন (৩৫), বিয়ানীবাজার উপজেলার চারখাই বাগবাড়ি এলাকার কালা মিয়ার ছেলে। তিনি পেশায় বাসচালক ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুবরণ করেন।
ঘটনার পরদিন থেকেই তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের ভাই আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন জানান- লাশের ময়না তদন্ত হচ্ছে। দাফন শেষে তারা থানায় হত্যা মামলা দায়ের করবেন।
গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত টার্মিনাল এলাকায় দফায় দফায় শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শুরুতে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তাদের। পরে বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জানা গেছে, সিলেট-জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ থেকেই এ মারামারি।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








