সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রবাসীর কাছ থেকে রেমিট্যান্স শাটডাউনের হুমকি এসেছিল। তবে এর প্রভাব এখন পর্যন্ত দেশের প্রবাসী আয়ের প্রবাহে দেখা যায়নি। অক্টোবরের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।
বিমানবন্দরে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার হওয়ার পর বিভিন্ন দেশে থাকা কিছু বাংলাদেশি প্রবাসী বিক্ষিপ্তভাবে রেমিট্যান্স বন্ধের হুমকি দেন।
তাদের দাবি ছিল, বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন ভোগান্তি ও অব্যবস্থাপনা নিয়ে আখতারুজ্জামান কথা বলেছেন এবং প্রবাসীদের পক্ষে আওয়াজ তুলেছেন। তার গ্রেফতারকে ‘অন্যায়’ দাবি করে কেউ কেউ ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেন।
এ কারণে চলতি মাসে দেশে প্রবাসী আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, বাস্তব চিত্র ভিন্ন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত মঙ্গলবার এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা।
অক্টোবরের প্রথম ছয় দিনের হিসাব গত বছরের একই সময়ের সঙ্গেও তুলনা করলে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। চলতি বছর একই সময়ে এসেছে ৬৩ কোটি ডলার। এতে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
এর আগে সেপ্টেম্বর মাসজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৬ কোটি ৬০ লাখ বা ২ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা।
ফলে আখতারুজ্জামানের গ্রেফতারকে কেন্দ্র করে কিছু প্রবাসীর রেমিট্যান্স বন্ধের হুমকি থাকলেও অক্টোবরের শুরুতে এখন পর্যন্ত প্রবাসী আয়ের প্রবাহে তার কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।
আজকের সিলেট/ জেকেএস









