জাতীয় তামাকমুক্ত দিবস আজ, ভ্যাপ-নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ PM

জাতীয় তামাকমুক্ত দিবস আজ, ভ্যাপ-নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:২৩:১৫ AM

জাতীয় তামাকমুক্ত দিবস আজ, ভ্যাপ-নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবি


ই-সিগারেট, ভ্যাপ ও অন্যান্য নিকোটিন পণ্য নিষিদ্ধ করে শিশু-কিশোর ও তরুণদের সুরক্ষার দাবির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার দেশে পালিত হচ্ছে জাতীয় তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন’। বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)।

বাটা জানায়, ২০১১ সাল থেকে দেশে প্রতিবছর জাতীয় তামাকমুক্ত দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় ধানমন্ডির আবাহনী খেলার মাঠের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তামাক নিয়ন্ত্রণে কাজ করা ৩৫টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

এর পাশাপাশি তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সভা, সেমিনার, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সংগঠনটির দাবি, দেশে ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসায় হাসপাতালগুলোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

বাটা বলছে, প্রায় ৭ হাজার ক্যানসার রোগীর কেমোথেরাপির সিরিয়াল ২০২৮ সাল পর্যন্ত পৌঁছে গেছে। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখা জরুরি।

সংগঠনটি আরও উল্লেখ করেছে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আইন সংশোধনের সময় ওই বিধানটি বাতিল করা হয়।

জাতীয় তামাকমুক্ত দিবসের কর্মসূচির মাধ্যমে শিশু ও তরুণদের নিকোটিন আসক্তি থেকে সুরক্ষা এবং ই-সিগারেট ও ভ্যাপের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানাবে তামাকবিরোধী সংগঠনগুলো।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর