মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ PM

মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:৫৫:৫২ AM

মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন


হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কের বেহাল দশায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা। সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। বৃষ্টি হলে সেগুলো পানিতে ডুবে যাওয়ায় গর্তের গভীরতা বোঝা যায় না। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

রতনপুর-ছাতিয়াইন সড়কটি শুধু মাধবপুর নয়, পাশের নাসিরনগর ও লাখাই উপজেলার মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সড়কের দুরবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশ কয়েকটি অংশে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে রোগী বহনকারী সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের চালকদের সমস্যায় পড়তে হচ্ছে বেশি।

সিএনজি অটোরিকশাচালক রহিম মিয়া বলেন, ‘বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন কোথায় কত বড় গর্ত, তা বোঝা যায় না। যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে সবসময় দুর্ঘটনার ভয় থাকে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।’

স্থানীয় যাত্রী লাভলী আক্তার বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রাস্তার এই অবস্থা দ্রুত ঠিক না করলে মানুষের ভোগান্তি আরো বাড়বে।’

তবে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা এলজিইডি। মাধবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সামছ্ জাবেদ বলেন, রতনপুর-ছাতিয়াইন সড়কটি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এসএম ফয়সলের মাধ্যমে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (ডিপিপি) প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি জানান, একই প্রকল্পে মাধবপুর-চৌমুহনী বাজার সড়ক, রতনপুর-শাহজাহানপুর সড়ক এবং মাধবপুর-নাসিরনগর সড়কও রাখা হয়েছে। খুব শিগগিরই এসব সড়কের কাজ শুরু করা হবে।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সংস্কারকাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর