জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলন, ১৫ বারকি নৌকা জব্দ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ PM

জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলন, ১৫ বারকি নৌকা জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৭:০৫:৩৫ PM

জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলন, ১৫ বারকি নৌকা জব্দ


সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫টি ছোট বারকি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। পরে জব্দ করা নৌকাগুলো বিনষ্ট করা হয়। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাংপানি নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। এ সময় জৈন্তাপুর মডেল থানার পুলিশ এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর শ্রীপুর বিওপির সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ছোট বারকি নৌকাগুলো শনাক্ত করা হয়। পরে ১৫টি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই সেগুলো বিনষ্ট করা হয়।

অভিযান শেষে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধি-বিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে নদী ও পরিবেশ সুরক্ষায় রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর