ভালভার্দের ‘প্রথম’ হ্যাটট্রিকে রিয়ালের মাঠে বিধ্বস্ত সিটি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ PM

ভালভার্দের ‘প্রথম’ হ্যাটট্রিকে রিয়ালের মাঠে বিধ্বস্ত সিটি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ১০:৫২:১৭ AM

ভালভার্দের ‘প্রথম’ হ্যাটট্রিকে রিয়ালের মাঠে বিধ্বস্ত সিটি


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে পেপ গার্দিওলার দল ভালো খেললেও দ্রুতগতির পাল্টা আক্রমণে সিটিকে চাপে ফেলে রিয়াল। ২০ মিনিটে গোলকিক থেকে শুরু হওয়া এক আক্রমণে থিবো কুর্তোয়া ডান প্রান্তে বল দেন ভালভার্দেকে। সেখান থেকে এগিয়ে গিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে কাটিয়ে বল জালে পাঠান তিনি।

ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও রদ্রিগো অনুপস্থিত থাকায় দলের আক্রমণভাগের দায়িত্ব অনেকটাই কাঁধে তুলে নেন ভালভার্দে। ২৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ দৌড় থেকে পাওয়া পাসে অফসাইড ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই উরুগুইয়ান।

প্রথমার্ধের শেষদিকে আবারও দ্রুত পাল্টা আক্রমণে সিটির রক্ষণ ভেঙে ফেলে রিয়াল। ৪২ মিনিটে ভিনিসিয়ুস সামনে এগিয়ে গিয়ে বল বাড়ান ব্রাহিম দিয়াসকে। তার পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ম্যানচেস্টার সিটি। তবে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। দোন্নারুম্মার ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা, কিন্তু স্পটকিক থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক।

এদিকে একই দিনে অনুষ্ঠিত অন্য ম্যাচে চেলসির বিপক্ষে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে বদলি খেলোয়াড় খাভিচা কাভারাতসখেলিয়া নৈপুণ্যে ৫-২ গোলের জয় পায় লুইস এনরিকের দল।

ম্যাচে পিএসজির হয়ে ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলে দুটি গোলের লিড এনে দিলেও প্রতিবারই সমতা ফেরায় চেলসি। দলটির হয়ে গোল করেন মালো গুস্তো ও এনসে ফার্নান্দেস। তবে শেষ দিকে ভিতিনিয়া ও কাভারাতসখেলিয়ার জোড়া গোলে স্বাগতিকরা বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

অন্যদিকে নরওয়ের বোদো/গ্লিম্টও নিজেদের মাঠে দাপুটে জয় পেয়েছে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। অ্যাসপমিরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জয় পায় তারা। সন্ড্রে ব্রুনস্টাড ফেট ৩০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ওলে দিদরিক ব্লমবার্গ ব্যবধান বাড়ান। পরে ৭১ মিনিটে কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন ড্যানিশ ফরোয়ার্ড কাসপার হগ।

দিনের আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনের মাঠে হোঁচট খেতে বসেছিল আর্সেনাল। ম্যাচের ৪৬ মিনিটে রবার্ট আন্দ্রিখের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় কাই হাভার্টজের পেনাল্টি গোলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এই ড্রয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা আট ম্যাচ জয়ের ধারাও থেমে গেল মিকেল আর্তেতার দলের। ইউরোপের এই আসরে চলতি মৌসুমে এটিই প্রথমবারের মতো পিছিয়ে পড়েছিল আর্সেনাল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর