নবীগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ AM

নবীগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৫ ০৬:৪৩:২২ AM

নবীগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু


নবীগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত অলি চৌধুরী রাইয়াপুর গ্রামের মৃত রঙ্গ চৌধুরীর ছেলে। গুরুতর আহত আহিদ মিয়া কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

এ ঘটনায় আহিদ মিয়া (৩০) নামে অপর একজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বড় বাড়ির মসজিদের পাশে থাকা একটি বড় জামগাছে জাম পাড়তে উঠেছিলেন অলি ও আহিদ। গাছে ওঠার সময় অসাবধানতাবশত গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে হাত লাগলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গাছ থেকে নামিয়ে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ঘটনায় রাইয়াপুর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর