হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশায় তুলতে অসম্মতি জানানোর জেরে মরতুজ আলী (৫৫) নামে এক চালককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন চা শ্রমিক। নিহত চালক একই উপজেলার নয়ানী গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের বাস স্টপেজে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় কয়েকজন চা শ্রমিক উপজেলা সদর থেকে চানপুর চা বাগানে যাওয়ার জন্য মরতুজ আলীর সিএনজিচালিত অটোরিকশায় উঠতে চান। এ সময় মরতুজ আলী জানান, তিনি শ্রমিকদের নিতে পারবেন না, কারণ- অন্য দুজন যাত্রীর জন্য তিনি অপেক্ষা করছেন। এনিয়ে দুইপক্ষে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চা শ্রমিকরা অন্য আরেকটি গাড়িতে করে চলে যান। এর জের ধরে রাতে মরতুজ আলী তার সিএনজি অটোরিকশা নিয়ে চানপুর চা বাগানে গেলে কয়েকজন চা শ্রমিক তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, হামলাকারী চা শ্রমিকদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নেওয়া হয়।
আজকের সিলেট/ডিআর
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








