লাখো পর্যটকে মুখরিত সিলেট
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ PM

লাখো পর্যটকে মুখরিত সিলেট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ১০:৩৭:৩৩ AM

লাখো পর্যটকে মুখরিত সিলেট


ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল নেমেছে সিলেটের পর্যটন স্পটগুলোতে। নদ-নদীর স্বচ্ছ পানি আর উঁচু-নিচু পাহাড়ে ঘেরা সিলেট নিমেষেই পর্যটকের মন কেড়ে নিচ্ছে। ঈদের পরদিন মঙ্গলবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা সিলেটে ছুটে আসেন।

এবার সবচেয়ে বেশি পর্যটক এসেছেন সিলেটের গোয়াইনঘাটের জাফলং ও কোম্পানীগঞ্জের সাদাপাথর স্পটে। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তায় হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে হোটেল ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ ব্যবসা হয়নি।

এদিকে, ঈদের ছুটি শনিবার শেষ হলেও, চলতি সপ্তাহজুড়ে সিলেটে পর্যটকদের আগমন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের পরদিন মঙ্গলবার সকাল থেকে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, লালাখালসহ পর্যটন স্পটে মানুষের স্রোত নামে। দুপুরের মধ্যেই সবকটি পর্যটন স্পট লোকে লোকারণ্য হয়ে ওঠে। হৈহুল্লোড় ও সাঁতার কেটে, ছবি তুলে অলস সময় পার করেন পর্যটকেরা। সিলেটের নদী, পাথর আর স্বচ্ছ পানিতে মুগ্ধ এখানে ঘুরতে আসা পর্যটকেরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবিদ হাসান বলেন, আমরা পরিবার-পরিজন নিয়ে সিলেটে ঘুরতে আসি। সকালে আমরা সাদাপাথর এলাকায় ঘুরতে যাই। প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের পরিবার ও আত্মীয়দের মুগ্ধ করেছে।

সাদাপাথর এলাকায় ঘুরতে আসা তাবাসসুম ফিহা বলেন, সিলেটের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে সাদাপাথর আমার কাছে সবচেয়ে পছন্দের। আমি আগেও বেশ কয়েকবার এখানে ঘুরেছি। এখানকার প্রকৃতি এক কথায় অসাধারণ।

এছাড়াও সিলেটে এসে পর্যটকরা ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করছেন। সেইসাথে সিলেটের চা বাগানগুলো ঘুরে ঘুরে দেখছেন।

পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটন কেন্দ্রে আসা মানুষের সার্বিক নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, সাদাপাথর ও জাফলংয়ে প্রতিদিনই লাখো পর্যটক ভিড় করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেয়া আছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ব্যবস্থা নেওয়া আছে। বিনোদন কেন্দ্রের ভেতরে ও কেন্দ্রগুলোর বাইরে পুলিশের সার্বক্ষণিক টহল রয়েছে। তবে হোটেল ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ ব্যবসা হয়নি এবার। সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রæপের সাবেক সভাপতি সুমাত নূরী চৌধুরী জুয়েল জানান, সিলেটে প্রতিটি পর্যটনস্পটে আমরা উপচেপড়া ভিড় দেখেছি। তবে সে অনুযায়ী তেমন ব্যবস্যা হয়নি। অনেক হোটেলের রুম খালি আছে।

গোয়াইঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, ঈদের ছুটিতে প্রচুর পর্যটক সিলেটে বেড়াতে এসেছেন। স্টপগুলোতে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ হাজার পর্যটক আসছেন। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর