সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৬ গরু আটক
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০৮ PM

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৬ গরু আটক

সংবাদদাতা

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ০২:৫০:৫৭ AM

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৬ গরু আটক


সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন সীমান্তে ৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে। শনিবার ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও ও মোকামছড়া নামক স্থান হতে এসব গরু আটক করে বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁও নামক স্থান হতে ৩টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

অন্যদিকে, একইদিনে পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৯/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া নামক স্থান হতে ৩টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। ২টি অভিযানে মোট ৬ টি গরু আটক করা হয়েছে। এসব গরুর আনুমানিক সিজার মূল্য ৪লাখ ৮০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর