হামজার নেতৃত্বে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৮ PM

হামজার নেতৃত্বে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৪:১৯:০৫ AM

হামজার নেতৃত্বে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ


দীর্ঘ প্রতীক্ষার পর আজ সন্ধ্যায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই।

বাংলাদেশ ফুটবলে নতুন স্বপ্ন জাগানো তারকা হামজা চৌধুরীকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মিডফিল্ডার আজ বাংলাদেশের জয়ের পথ তৈরি করতে পারেন বলে আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।

এই ম্যাচে ভারতও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। বিশেষ করে অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রীর দলে ফেরার পর ভারতের আত্মবিশ্বাস বেড়েছে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করা ছেত্রী আজও প্রতিপক্ষ রক্ষণের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন।

অন্যদিকে, বাংলাদেশও আক্রমণাত্মক ফুটবল খেলতে প্রস্তুত। কোচ কাবরেরা তার সেরা একাদশ সাজাতে পারেন ৪-৩-৩ ফরমেশনে। ডিফেন্সে তপু বর্মণ, তারিক কাজী ও ইসা ফয়সালের সঙ্গে থাকতে পারেন সাদ কিংবা শাকিল। মিডফিল্ডে জামাল ভূঁইয়ার সঙ্গে খেলতে পারেন হামজা চৌধুরী ও সোহেল রানা। আক্রমণভাগে দায়িত্ব থাকবে রাকিব, মোরসালিন ও ইব্রাহিমের ওপর। গোলবারের সামনে থাকতে পারেন মিতুল মারমা।

অতীতে ৩১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম ভারত। এর মধ্যে মাত্র ২ বারই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, ভারতের জয় ১৬ বার, আর ড্র হয়েছে ১৩ ম্যাচে। তবে সাম্প্রতিক বছরগুলোতে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ ৫ মুখোমুখিতে বাংলাদেশ হারেনি ৪ ম্যাচে।

বাংলাদেশের সমর্থকরা স্বপ্ন দেখছেন, দুই দশকেরও বেশি সময় পর ভারতের বিপক্ষে জয় পেতে পারে দল। হামজার অন্তর্ভুক্তি সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারে কি না, তার উত্তর মিলবে আজকের ম্যাচেই।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা জাতীয় দলের দায়িত্বে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়তে যাচ্ছেন। ৩০তম ম্যাচের দায়িত্ব পালন করতে চলেছেন তিনি, যা আগের ইংলিশ কোচ জেমি ডের ২৯ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে যাবে।

সব প্রস্তুতি শেষ, এখন শুধু মাঠের লড়াই দেখার পালা। শিলংয়ের দর্শকভর্তি স্টেডিয়ামে বাংলাদেশ কি পারবে ভারতকে চ্যালেঞ্জ জানাতে? নাকি ছেত্রী-লিস্টনদের সামনে হার মানতে হবে? উত্তর মিলবে আজ সন্ধ্যায়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর