প্রটোকল ছাড়াই টাঙ্গুয়ার হাওরে ঘুরলেন প্রতিমন্ত্রী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ PM

প্রটোকল ছাড়াই টাঙ্গুয়ার হাওরে ঘুরলেন প্রতিমন্ত্রী

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৬:৪৬:৫১ PM

প্রটোকল ছাড়াই টাঙ্গুয়ার হাওরে ঘুরলেন প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ


সরকারি কোনো প্রটোকল ছাড়াই স্কুল-কলেজের বন্ধুদের সঙ্গে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শুক্রবার ও শনিবার হাউজবোটে চড়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরে বেড়ান প্রতিমন্ত্রী। এ সময় তিনি সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যদের খোঁজ-খবর নেন। পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের সঙ্গে ছবি তোলেন। প্রতিমন্ত্রী টাঙ্গুয়ার হাওরের পাশে শহীদ সিরাজ লেক, শিমুল বাগান এবং যাদুকাটা নদীতে ঘুরে বেড়ান। দুপুরে বন্ধুদের সঙ্গে যাদুকাটা নদীতে গোসলও করেন।

প্রতিমন্ত্রীর এই ঘুরে-বেড়ানোর বিষয়টি ফেসবুকে তুলে ধরেছেন পর্যটন উদ্যোক্তা এবং আটলান্টিস ও ফ্যালকন হাউজবোটের স্বত্বাধিকারী ইফতেখার হামিদ।

ইফতেখার শুক্রবার তার ফেসবুকে লেখেন, ‘মতিঝিল আইডিয়াল স্কুল ১৯৮৮ ব্যাচ ও নটরডেম ১৯৯০ ব্যাচের বন্ধুরা ঘুরতে এসেছে আজ Atlantis-The Infinity House Boat-এ। বন্ধুদের মধ্যে একজন বুকিং করেছেন আমাদের, তিনিও জানান নাই যে আমাদের ট্রিপে আজ একজন প্রতিমন্ত্রী আছেন। সকল পরিচয় ঢাকা রেখেই ট্রিপে এসেছেন শুধুমাত্র ৮৮ ব্যাচের বন্ধু পরিচয়েই।’

ইফতেখার হামিদ শনিবার তার ফেসবুকে জানান, গতকাল শুক্রবার স্কুল বন্ধুদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসেছেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ভাই। গতকাল সন্ধ্যায় তিনি লাকমাছড়া ভিজিট করেছেন, খোঁজ নিয়েছেন সীমান্তের অতন্দ্র প্রহরী আমাদের বিজিবি সদস্যদের। আজ সকালে তিনি ও তার বন্ধুরা শহীদ সিরাজ লেক (নীলাদ্রী) ঘুরতে যান। এই সময় ঘুরতে আসা পর্যটকদের সাথে কুশল বিনিময় করেন।

‘কোনো ধরনের প্রটোকল ছাড়া একজন স্টেট মিনিস্টার ঘুরতে এসেছেন হাওরে। টিম Atlantis-The Infinity House Boat-ও জানতো না মন্ত্রী আসবেন। আমাদের হাউজবোটে তিনি গত বছর ঘুরে গেছেন উনারা রাজনৈতিক বন্ধুদের নিয়ে, এই বছর এসেছেন আইডিয়াল স্কুলের বন্ধুদের নিয়ে।

‘পুরো ট্রিপে তিনি (প্রতিমন্ত্রী হাবিব) খুব প্রাণবন্ত আর হাস্যমুখ ছিলেন, উনার হাস্যরস আর সেন্স অব হিউমার মারাত্মক। মুগ্ধতা ছড়ানো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রতিমন্ত্রী হাবিব ভাই।’ বলছিলেন পর্যটন উদ্যোক্তা ইফতেখার হামিদ।

এদিকে সাধারণ পর্যটকের মতো প্রতিমন্ত্রীর হাওরে ঘুরে বেড়ানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন নেটিজেন ও অন্য পর্যটন উদ্যোক্তারা।

টাঙ্গুয়ার হাওরে হাউজবোট মালিকদের সংগঠন হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শনিবার তাদের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী ও তাদের বন্ধুদের একাধিক ছবি শেয়ার করেছে। ‘সাদামনের মানুষ ও টাঙ্গুয়ার হাওরের মুগ্ধতা!’ শিরোনামে তারা লিখেছে, ‘কোনো প্রকার বাড়তি প্রটোকল বা ভিআইপি নিরাপত্তার আড়ম্বর নেই। একেবারে সাধারণ একজন পর্যটকের মতোই বন্ধু সার্কেল নিয়ে টাঙ্গুয়ার হাওরের জল-জোছনা ও প্রকৃতির অপার সান্নিধ্যে ভেসে বেড়ালেন ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।

গতবছরও তিনি টাঙ্গুয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরে গিয়েছিলেন। এবারও তার এই সাদামাটা ও বিনয়ী উপস্থিতি আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। হাউজবোটের ছাদে সাধারণের মতো সময় কাটানো কিংবা হাওরের প্রকৃতিতে বন্ধুদের সাথে মেতে ওঠার এই অনাড়ম্বর রূপ সত্যিই দৃষ্টান্তমূলক।’

হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশের অনন্য এই হাওর পর্যটনকে আরও জনপ্রিয়, টেকসই ও পরিবেশবান্ধব করে তুলতে আমরা দেশের সম্মানিত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকাদের প্রতি সবিশেষ আহ্বান জানাই। আপনারাও কাজের ব্যস্ততা ঠেলে মাঝে মাঝে ঘুরে যান টাঙ্গুয়ার হাওরের নির্মল পরিবেশে। আপনাদের উপস্থিতি যেমন হাওরের সৌন্দর্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, তেমনি স্থানীয় পরিবেশবান্ধব পর্যটন শিল্পকেও করবে আরও সমৃদ্ধ।’

যোগাযোগ করা হলে হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং সাবেক উন্নয়ন বিষয়ক সম্পাদক ইফতেখার হামিদ জাগো নিউজকে বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ কোনো ধরনের প্রটোকল ছাড়াই একদম সাধারণ পর্যটকের মতো টাঙ্গুয়ার হাওরে ঘুরেছেন, বন্ধুদের সঙ্গে আনন্দ করেছেন। বোটে উঠেই তারা পুরো টাকা পরিশোধ করেছেন।’

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর