জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৫ PM

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা

সংবাদদাতা

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ০৩:০৯:৫৮ AM

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হিফজুল কুরআন শিক্ষার্থীদের নিয়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা হয়েছে।  

বুধবার জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অর্ধশতাধিক হিফজুল কুরআন শিক্ষার্থী অংশ নেয়। বিচারকের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. নুর উদ্দিন, জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফিজ আব্দুর রহিম এবং বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আবিদ হাসান, দ্বিতীয় স্থান আরিফুল হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেছে জোবায়ের আহমদ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. শাহীন আলম, সহ-সভাপতি ও ফালগুনী টিভির জেলা প্রতিনিধি সাইফ উল্লাহ, সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ ও দপ্তর সম্পাদক এনামুল হকসহ অনেকে।

জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ আব্দুর রহিম বলেন, রমজান মাসে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই এবং বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। আমরা ভবিষ্যতেও শুভসংঘের সব শুভ কাজে পাশে থাকব ইনশাআল্লাহ।

বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রতি বছর জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে নানা প্রতিযোগিতার আয়োজন করে। এবার পবিত্র মাহে রমজানে প্রথমবারের মতো জামালগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন ধর্মীয় শিক্ষা ও কুরআনপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর