ওসমানীনগর উপজেলায় অবৈধভাবে আনা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় রবিবার বিকেলে ওসমানীনগরের তাজপুর বাজার থেকে ট্রাকটিকে আটক করা হয়। এ ঘটনায় সন্দেহজনকভাবে ট্রাক চালকসহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা থেকে সায়েস্তাগঞ্জমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৫০৫) তাজপুর বাজারে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটিকে থামায় এবং থানায় নিয়ে যায়। ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ছিল, যা অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ট্রাকে মোট কত কেজি চিনি রয়েছে তা যাচাই করা হচ্ছে। তবে আটককৃত ব্যক্তিরা ট্রাকের চিনিকে বৈধ দাবি করলেও সন্ধ্যা পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ট্রাকে থাকা চিনির বৈধতা প্রমাণে কোনো প্রামাণ্য নথি দেখানো সম্ভব হয়নি। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/ডি/এপি
ওসমানীনগর প্রতিনিধি 








