মিসবাহ সিরাজ আটকের খবর ‘গুজব’, খতিয়ে দেখছে পুলিশ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ PM

মিসবাহ সিরাজ আটকের খবর ‘গুজব’, খতিয়ে দেখছে পুলিশ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ১২:০৬:৪৫ PM

মিসবাহ সিরাজ আটকের খবর ‘গুজব’, খতিয়ে দেখছে পুলিশ


সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আটক হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়লেও এর সত্যতা মেলেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে আটকের বিষয়ে তাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

মঙ্গলবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে তথ্য যাচাইয়ের চেষ্টা করা হলেও তার আটকের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে কয়েকজন দালালের সহযোগিতায় ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ। ওই সময় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে বলেও গুঞ্জন ছড়ায়। তবে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে আমরাও আটকের খবর পেয়েছি। বিষয়টি নিশ্চিত হতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এমন ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। আপাতত এটিকে গুজব বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সিলেট নগরের সাগরদিঘির পাড় এলাকায় হামলার শিকার হয়েছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর