সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ PM

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ১১:৩৭:৩২ AM

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০


সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে শিউলী রানি (২৪) নামে এক নারী যাত্রীর নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত শিউলী রানি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে সিলেট থেকে একটি লোকাল বাস যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। জানিগাঁও এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা বাসের জানালার কাচ ভেঙে ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করে আনেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সময় বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শিউলী রানি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। এরপর মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর