সিলেট নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়া সিলেটের মানুষের জন্য আনন্দের বিষয়। সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নেও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কাজের ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি থাকলে অনেক সময় উন্নয়ন প্রকল্পই জনদুর্ভোগ ও সমস্যার কারণ হয়ে ওঠে।
এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো সড়ক বা উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে কখনো গ্যাসের লাইন কেটে ফেলতে হয়। পরে আবার সেই লাইন স্থাপনের প্রয়োজন পড়ে। একইভাবে পানির পাইপ সরিয়ে নেওয়ার পর পুনরায় তা স্থাপন করতে হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় বা ‘ইন্টার-এজেন্সি হারমনি’ নিশ্চিত করা প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় যাতে এক সংস্থার কাজের কারণে অন্য সংস্থার কার্যক্রম ব্যাহত না হয়, সেদিকে নতুন কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে এবং যে প্রত্যাশা করছে, সংস্থাটি তা যথাযথভাবে পূরণ করবে। একই সঙ্গে সিলেটের আগামী দিনের উন্নয়নেও কর্তৃপক্ষটি সহযোগী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল হাসান কয়েস লোদী। নাইওরপুলসংলগ্ন হোটেল ফরচুন গার্ডেনে অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে নতুন এই সংস্থার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
আজকের সিলেট/ জেকেএস









