শাহপরানে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ PM

শাহপরানে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ১১:২৮:০৯ AM

শাহপরানে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


সিলেট নগরের শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে জানা গেছে।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে এলাকার এক ভাই এসে তাকে জানান, তার বাবাকে কয়েকজন আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার বাবাকে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। শাহাব উদ্দিনের ঘাড়ে তিনটি কোপের আঘাত ছিল এবং রক্তে তার পুরো শরীর ভিজে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তার এক ছেলে ফ্রান্সে থাকেন। নিহতের স্ত্রী জানান, কারও সঙ্গে শাহাব উদ্দিনের কোনো বিরোধ ছিল না।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সোমবার সকালে বলেন, তারা ঘটনাটি নিয়ে ব্যস্ত রয়েছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কমিশনার স্যারও ঘটনাস্থলে যাচ্ছেন। এ মুহূর্তে এর বেশি কোনো আপডেট নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর