সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শিশ আহমদের বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামারচর এলাকায় ইয়াবা কেনাবেচার তথ্য পেয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানে ছিলেন এসআই কানন কুমার দাসসহ পুলিশের একটি দল।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় শিশ আহমদকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে শিশ আহমদের হেফাজতে থাকা সাতটি জিপারের ভেতর তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় শিশ আহমদ এবং দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রন দাশ (৪২)-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার শিশ আহমদকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








