সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৩ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকার কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও সোনারহাট বিওপির আওতাধীন এলাকায় অভিযানগুলো চালানো হয়। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, গরু, শাড়ি, চকলেট, বিড়ি, সুপারি, সবজি ও বিয়ারসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিত জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








