হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে নানা আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়।
এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ছিল, "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মোঃ মাসুদ কায়সার খানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলী হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তারা যুব সমাজের উন্নয়ন ও দেশের অগ্রগতিতে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং যুবকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আজকের সিলেট/ডি/এপি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








