সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যু ১৮৫, একদিনে হাসপাতালে ২২৯
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ PM

সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যু ১৮৫, একদিনে হাসপাতালে ২২৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ১২:০৫:১৬ PM

সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যু ১৮৫, একদিনে হাসপাতালে ২২৯


সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০ জন। বৃহস্পতিবার সিলেট স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার এবং অন্যজন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা। দুজনেরই বয়স এক বছরের কম।

গোয়াইনঘাটের শিশুটির বয়স ছিল ৯ মাস। ৭ অক্টোবর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিরাইয়ের ৬ মাস বয়সী শিশুটি মারা যায় ৬ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

নতুন দুই মৃত্যুর পর সিলেট জেলায় হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫ জন। এর মধ্যে ৭১ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং পরীক্ষায় নিশ্চিত হামজনিত কারণে মারা গেছেন ৪ জন।

সুনামগঞ্জে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন। তাঁদের মধ্যে ৬৬ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে এবং একজনের মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হামজনিত কারণে। হবিগঞ্জে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং মৌলভীবাজারে ১৫ জনের।

মৃত্যুর পাশাপাশি হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২২৯ জন রোগী ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৮৮ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের যুক্ত হওয়ার পর বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭৫ জন মারা গেছেন সন্দেহজনক হাম রোগে এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন।

অর্থাৎ, চলতি বছরে হাম ও হাম সন্দেহে মৃতদের বড় অংশই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর