দুই দিন পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা চালু
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ PM

দুই দিন পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা চালু

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ১০:১০:২৬ AM

দুই দিন পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা চালু


দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব ধরনের সেবা আবার পুরোপুরি সচল হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতোই লেনদেন করতে পারবেন।

রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়াও ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের গ্রাহকদের সেবা সচল হওয়ার খবর জানায়। ব্যাংকটি জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি চালু হয়েছে। গ্রাহকরা এখন স্বাভাবিকভাবে এসব সেবা ব্যবহার করতে পারবেন।

এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এতে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেন এবং কিছু আন্তঃব্যাংক লেনদেন সেবা ব্যাহত হয়। বিভিন্ন ব্যাংক তখন গ্রাহকদের ক্ষুদে বার্তা দিয়ে জানিয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা স্বাভাবিক হতে পারে।

হঠাৎ করে একাধিক ব্যাংকের কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো দ্রুত সেবা চালুর উদ্যোগ নেয়।

সেবা স্বাভাবিক করতে মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হয়।

মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। এ কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির মাধ্যমে কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি সচল হওয়ার কথা জানাল আইটিসি। ফলে দুই দিন ধরে চলা ভোগান্তির অবসান ঘটল সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর