সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৮৩
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ PM

সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৮৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ১২:৫৬:০৬ PM

সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৮৩


সিলেটে হাম সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁচ বছর বয়সী আয়শা মনি নামের শিশুটির মৃত্যুতে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়শা মনির মৃত্যু হয়। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মো. আশিক মিয়ার মেয়ে।

চলতি বছর হাম ও হাম সন্দেহে মৃত ১৮৩ জনের মধ্যে সিলেট জেলায় ৭৪ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন।

জেলা অনুযায়ী শনাক্ত রোগীর সংখ্যা সিলেটে ৪২২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, একই সময়ে হাম সন্দেহে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ৫৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাম পরিস্থিতির এই পরিসংখ্যানে একদিকে নতুন রোগী শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে, অন্যদিকে হাসপাতালগুলোতে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর