সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ PM

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১১:৪৯:৪০ AM

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু

সিলেটে সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২/ ছবি: সোহেল আহমেদ


সিলেট বিভাগে হাম পরিস্থিতির মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সালমান নামের এক বছর বয়সী শিশুটিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে তার মৃত্যু সন্দেহজনক হাম রোগে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে বুধবার প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে শিশুটির ঠিকানা হবিগঞ্জের লাখাই উপজেলা উল্লেখ করা হয়েছে।

একই সময়ে বিভাগে নতুন করে আরও ১২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। বাকি রোগীরা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫৬৮ জন ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন চিকিৎসাধীন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জনসহ বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে আরও রোগী ভর্তি রয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যানেও পরিস্থিতির উদ্বেগজনক চিত্র পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৯ জন, হবিগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। সন্দেহজনক ও নিশ্চিত হাম দুই হিসাব একত্র করলে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জনে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর