মৌলভীবাজারের রাজনগরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক দুটি দুর্ঘটনায় কাইয়ুম মিয়া (২২) ও সূধাময় দেব (৫৬) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাছ ধরতে গিয়ে উদনা নদীতে ডুবে মারা গেছেন কাইয়ুম মিয়া। অন্য ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিএনজিচালক সূধাময় দেব।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনগর দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া বাড়ির পাশের উদনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক কাইয়ুম মিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজিচালক সূধাময় দেব নিহত হন।
সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রী ফাইজা আক্তার (২৮) এবং সিএনজির যাত্রী সিমন্ত দেব (৫০) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 








