সিলেট বিভাগে হাম পরিস্থিতিতে নতুন করে ৯ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৭ জন। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৪ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে আক্রান্তের সংখ্যা সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। এ ছাড়া হবিগঞ্জে বর্তমানে রুবেলায় আক্রান্ত রয়েছেন দুজন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৭৭ জন সন্দেহজনক রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ৭০ জনকে ভর্তি করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন। একই সময়ে বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হয়েছেন।
মৃত্যুর হিসাবেও সিলেট জেলা এগিয়ে রয়েছে। চলতি বছরে হাম উপসর্গ নিয়ে সিলেটে ৬৩ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে মারা গেছেন ৬২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ১৪ জন।
অন্যদিকে, পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম উপসর্গ নিয়ে মৃত্যু এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা দুই হিসাব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









