সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা। তবে নির্ধারিত সময়ের পর কয়েকটি দোকান খোলা থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দোকান মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় শহরের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। এ সময় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) মো. জাবেদ হোসেন এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ী ও দোকান মালিকদের সতর্ক করা হচ্ছে। সবাইকে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, পরবর্তী অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








