হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জায়েদুল মিয়া মন্দরি গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য, মন্দরি গ্রামে মজিদ খান ও শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন জায়েদুল।
পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা জায়েদুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, মন্দরি গ্রামে সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠী ও মজিদ খানের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








