চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ PM

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৩:৪৭:১৪ PM

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর


সুনামগঞ্জের তাহিরপুরে চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের এক শিশুকে বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোর ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং শিশুটির প্রতিবেশী।

শিশুটির চাচা ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরটি শিশুটিকে নিজের বাড়ির একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের কাছে সে অভিযোগ করে, কিশোরটি তার কাপড় খুলে শরীরে হাত দেওয়ার পর তাকে ধর্ষণ করেছে।

রাত আটটার দিকে শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুসফিকা মারজান বলেন, রাত আটটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির চাচা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর