হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে ৯টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীদুর রহমানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ও সন্ধ্যায় উপজেলার গ্যানিংগঞ্জ ও আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন রজব উল্বা (৪৮)। শাহীদুর রহমানের বয়স ২৫ বছর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শাহীদুর রহমান বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ৯ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা ৯টি হত্যা মামলার এজাহারে ১০৬ নম্বর আসামি। তিনি জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাবা আব্দুল কাদির মিয়া দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার আওয়ামী লীগ নেতা।
অন্যদিকে রজব উল্বা জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ এক যুবকের মায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি কৃষকলীগের নেতা। তার বাড়ি উত্তর-পশ্চিম ইউনিয়নের রঘু চৌধুরীপাড়া এলাকায়; তার বাবার নাম মৃত এশাদ উল্বা।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয়। পরে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়।
আজকের সিলেট/ জেকেএস
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








