গোয়াইনঘাটের মাঠজুড়ে আমনের সবুজ ঢেউ, বাম্পার ফলনের আশা কৃষকদের
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ PM

গোয়াইনঘাটের মাঠজুড়ে আমনের সবুজ ঢেউ, বাম্পার ফলনের আশা কৃষকদের

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ১০:০৫:৪৯ AM

গোয়াইনঘাটের মাঠজুড়ে আমনের সবুজ ঢেউ, বাম্পার ফলনের আশা কৃষকদের


সিলেটের গোয়াইনঘাটে বর্ষার পানি নেমে যাওয়ার পর বদলে গেছে ফসলের মাঠের চিত্র। উপজেলার বিস্তীর্ণ জমিতে এখন রোপা আমনের সবুজ সমারোহ। বাতাসে দুলছে ধানের পাতা, আর ভালো বেড়ে ওঠা ধান দেখে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকেরা।

রস্তুমপুর, লেঙ্গুড়া, তোয়াকুল, নন্দীরগাঁও, ডৌবাড়ী, আলীরগাঁও ও ফতেহপুরসহ বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরলে দেখা যায়, চারদিকে শুধু সবুজ ধানের আচ্ছাদন। সকালে শিশিরভেজা ধানগাছ আর বিকেলের মৃদু বাতাসে দুলতে থাকা শিষহীন সবুজ গাছগুলো দূর থেকে তৈরি করছে সবুজের ঢেউ।

স্থানীয় কৃষকেরা বলছেন, মৌসুমের শুরুতে বন্যার কারণে আমন আবাদ নিয়ে কিছুটা উদ্বেগ ছিল। তবে পানি নেমে যাওয়ার পর দ্রুত তারা জমিতে নেমে পড়েন। পরে আবহাওয়া অনুকূলে থাকা এবং সময়মতো সার ও বীজ পাওয়ায় চাষাবাদ ভালোভাবেই এগিয়েছে।

তোয়াকুল ইউনিয়নের কৃষক আব্দুল জব্বার বলেন, “আল্লাহর রহমতে এবার আবহাওয়া ভালো থাকায় ধানের চারা খুব সুন্দর হয়েছে। মাঠে কোনো রোগবালাই নেই। এমন সবুজ ধান দেখে মনটা ভরে যায়।”

লেঙ্গুড়া গ্রামের এক কৃষক বলেন, “এবার সার ও সেচের কোনো সমস্যা হয়নি। কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি এবার আমনের বাম্পার ফলন হবে, আমরা লাভবান হতে পারব।”

গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন চাষের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে।

ধানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন। পাশাপাশি ক্ষতিকর পোকা-মাকড় দমন, পার্চিং পদ্ধতি ব্যবহার এবং সঠিক মাত্রায় সার প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, “এবার আবহাওয়া আমন চাষের জন্য বেশ উপযোগী। কৃষকরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেদিকে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক নজর রাখছেন। বর্তমানে মাঠে ধানের অবস্থা চমৎকার।”

তিনি বলেন, প্রাকৃতিক বড় কোনো দুর্যোগ না হলে এবার গোয়াইনঘাটে আমনের রেকর্ড পরিমাণ ফলন হবে বলে তিনি আশাবাদী।

কৃষকের শ্রম ও ঘামে বেড়ে ওঠা আমন ধানের এই সবুজ মাঠ আর কিছুদিন পর ধীরে ধীরে বদলে যাবে। ধান পাকতে শুরু করলে বিস্তীর্ণ জমি ধারণ করবে সোনালি রং।

নতুন ধানের গন্ধে চারপাশ ভরে ওঠার পাশাপাশি গোলায় ধান ওঠার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা। ভালো ফলন হলে নবান্নের আনন্দে গোয়াইনঘাটের কৃষক পরিবারগুলো মুখর হবে এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

আজকের সিলেট/ প্রতিনিধি/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর