বাহুবলে সিএনজিসহ নিখোঁজ যুবকের মরদেহ মিলল নবীগঞ্জের বাঁশঝাড়ে
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ PM

বাহুবলে সিএনজিসহ নিখোঁজ যুবকের মরদেহ মিলল নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৬:৪৩:৩৯ PM

বাহুবলে সিএনজিসহ নিখোঁজ যুবকের মরদেহ মিলল নবীগঞ্জের বাঁশঝাড়ে


হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার দুদিন পর তুহিন মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশের একটি বাঁশঝাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।

বুধবার সকালে সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশে বাঁশঝাড়ের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তুহিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসাইন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ একটি মরদেহ পড়ে থাকার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে একটি রাস্তার পাশে বাঁশঝাড়ের মধ্যে মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪৮ ঘণ্টা আগে সেখানে লাশটি ফেলে রাখা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর