ডিসি অফিসের নম্বর হ্যাক করে বিকাশে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ PM

ডিসি অফিসের নম্বর হ্যাক করে বিকাশে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০২:১৫:২০ PM

ডিসি অফিসের নম্বর হ্যাক করে বিকাশে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন


সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের একটি মোবাইল নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাক হওয়া নম্বরটির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে টাকা চাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসনের সতর্কবার্তায় বলা হয়েছে, হ্যাক হওয়া নম্বর থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা, টাকা পাঠানোর অনুরোধ কিংবা প্রলোভনমূলক কোনো বার্তা এলে তাতে সাড়া না দিতে হবে। একই সঙ্গে ওই নম্বরের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের একটি নম্বর হ্যাক হওয়ার বিষয়টি নজরে আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নম্বরটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, হ্যাক হওয়া নম্বর ব্যবহার করে যাতে কেউ প্রতারণার শিকার না হন, সে জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হ্যাক হওয়া নম্বরটি (০১৭৩০৩৩১০২২) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের ব্যবহৃত নম্বর। ওই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তিকে বার্তা পাঠিয়ে জরুরি প্রয়োজনে অর্থ সহায়তা চাওয়া হচ্ছে।

একজন সাংবাদিকের কাছে পাঠানো এমন একটি বার্তায় জরুরি ভিত্তিতে ১৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়। সেখানে টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর হিসেবে (০১৩৫১২২৪৯৫৫) উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, এ ঘটনার পেছনে প্রতারণার সঙ্গে জড়িত কোনো চক্র থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর