সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ PM

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৭:৫০:৪৩ PM

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিলেট-ঢাকা মহাসড়কে স্লিপার বাস পরিচালনার দায়ে লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহনকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. পারভেজ জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোনো অনুমোদন নেই। এরপরও বিভিন্ন কোম্পানি অনুমোদন ছাড়াই এসব বাস পরিচালনা করছে।

তিনি বলেন, মঙ্গলবার প্রথম দিনের অভিযান হওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এরপরও তারা অনুমোদনহীনভাবে স্লিপার বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ, মামলা করাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ সূত্র জানায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে কিছু পরিবহন প্রতিষ্ঠান সেগুলোকে পরিবর্তন করে ডাবল ডেকার স্লিপার বাস হিসেবে পরিচালনা করছে। এসব বাসের চেসিস, ইঞ্জিন ও বডি মূলত সাধারণ বাসের। ফলে অনুমোদনহীনভাবে পরিবর্তিত এসব যানবাহন সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

সম্প্রতি সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। গত ৭ আগস্ট শুক্রবার সকালে ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। দুর্ঘটনাকবলিত বেঙ্গল পরিবহনের বাসটি ছিল ডাবল ডেকার স্লিপার বাস। ওই ঘটনার পর মহাসড়কে এসব বাসের চলাচল নিয়ে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, সড়কে চলাচলকারী এসব স্লিপার বাসের চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরি বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে গাড়িগুলো ঠিকভাবে ভারসাম্য রাখতে পারে না। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তী সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর