অনলাইনে ফল, হারিয়ে গেছে স্কুলের সেই উচ্ছ্বাস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ PM

অনলাইনে ফল, হারিয়ে গেছে স্কুলের সেই উচ্ছ্বাস

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১০:২৫:২৩ AM

অনলাইনে ফল, হারিয়ে গেছে স্কুলের সেই উচ্ছ্বাস


একসময় পরীক্ষার ফল প্রকাশের দিন মানেই ছিল উৎসব আর আনন্দে ভরা এক বিশেষ মুহূর্ত। ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীদের মধ্যে যেমন থাকত উৎকণ্ঠা, তেমনি ফল হাতে পাওয়ার পর দেখা যেত উচ্ছ্বাস, স্বস্তি আর আনন্দ। দীর্ঘ অপেক্ষা ও মানসিক চাপের সেই সময়টুকু পেরিয়ে ফল প্রকাশের মুহূর্তে মনকে শান্ত রাখা ছিল অনেকের কাছেই কঠিন এক চ্যালেঞ্জ।

ফল প্রকাশের দিন স্কুলের গেটে শিক্ষার্থীদের ভিড়, শিক্ষকদের হাসিমুখে রেজাল্ট শিট হাতে দাঁড়িয়ে থাকা, ভালো ফল করা বন্ধুকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ এসব দৃশ্য এখন অনেকটাই অতীতের স্মৃতি।

প্রযুক্তির যুগে ফলাফল জানার পদ্ধতিতেও এসেছে বড় পরিবর্তন। এখন আর ফলাফলের জন্য বিদ্যালয়ে ছুটে যেতে হয় না। মোবাইল ফোন, কম্পিউটার কিংবা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কয়েক মুহূর্তে ফলাফল জানা যায়। এতে সময় ও ভোগান্তি কমেছে ঠিকই, তবে হারিয়ে গেছে ফলাফল জানার আগের সেই উত্তেজনা এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে আনন্দ-কান্না ভাগ করে নেওয়ার মুহূর্ত।

একসময় ফল প্রকাশের দিন স্কুলের মাঠ কিংবা বারান্দা শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে মুখর হয়ে উঠত। কে পাস করেছে, কে প্রথম হয়েছে সবাই মিলে একই সময়ে জানতে পারত। ফলাফলকে ঘিরে বন্ধুদের মধ্যে চলত আনন্দ-উচ্ছ্বাস। কেউ ভালো ফল করলে তাকে ঘিরে শুরু হতো অভিনন্দন আর মিষ্টিমুখ। এখন সেই অভিজ্ঞতার অনেকটাই সীমাবদ্ধ হয়ে গেছে মোবাইলের পর্দায়।

এক শিক্ষার্থী বলেন, অনলাইনে ফলাফল দেখা সহজ হলেও স্কুলে গিয়ে স্যার-ম্যাডামের কাছ থেকে ফলাফল শোনা এবং বন্ধুদের সঙ্গে মিষ্টি খাওয়ার যে আনন্দ ছিল, সেটি এখন অনেকটাই মিস করেন তিনি। ফল প্রকাশের দিন স্কুলের সঙ্গে শিক্ষার্থীদের যে নিবিড় বন্ধন তৈরি হতো, অনলাইননির্ভর ফলাফল প্রকাশের ফলে সেই সম্পর্কের জায়গাটিও কিছুটা বদলে গেছে।

তবে প্রযুক্তিনির্ভর ফলাফল ব্যবস্থায় বিড়ম্বনাও রয়েছে। ফল প্রকাশের সময় সার্ভারে চাপ, ওয়েবসাইটে প্রবেশে সমস্যা, ইন্টারনেটের ধীরগতি কিংবা তথ্য পেতে দেরি এসব কারণে অনেক সময় ঘরে বসেও শিক্ষার্থীদের উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। ফলে বিদ্যালয়ে না গিয়েও ফলাফলের অপেক্ষার সেই টেনশন থেকে পুরোপুরি মুক্তি মিলছে না।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সময়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ফলাফল প্রকাশের পদ্ধতিও পরিবর্তিত হবে এটাই স্বাভাবিক। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে। তবে প্রযুক্তির এই অগ্রযাত্রায় মানুষের আবেগ, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন যেন হারিয়ে না যায়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।

আগের মতো বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে ফলাফলের অপেক্ষা নেই, নেই স্কুল মাঠে শিক্ষার্থীদের সেই ভিড়। নেই শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত উচ্ছ্বাস কিংবা বন্ধুদের সঙ্গে ফলাফল ভাগ করে নেওয়ার সেই চেনা দৃশ্য। প্রযুক্তি ফলাফল জানার সময় কমিয়ে দিয়েছে, ভোগান্তিও কমিয়েছে। কিন্তু ফল প্রকাশের দিন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের যে যৌথ আনন্দ ও আবেগ তৈরি হতো, সেটিই যেন আজ সবচেয়ে বড় অভাব।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর