ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ AM

ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০৯:৫৪:৪০ AM

ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য


প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও মুখ খুলেছেন তার মা নীলা চৌধুরী। ছেলের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে এবার খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুকে নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি। মামলার তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও মনে করেন সালমানের মা।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে আটক করা হয়। তাকে আটকের ক্ষেত্রে ডিপজল সহযোগিতা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি নীলা চৌধুরীর কথা না হলেও মামলার স্বার্থে তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, ডিপজলকে মামলায় সাক্ষী হিসেবে ডাকা প্রয়োজন। তিনি চলচ্চিত্রের মানুষ এবং অনেক তথ্য জানেন বলেই ডনকে ধরিয়ে দিতে সহযোগিতা করেছেন বলে মনে করেন নীলা। ডন দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এ বিষয়টিও ডিপজল জানতেন বলে মন্তব্য করেন তিনি।

সালমান শাহ হত্যার সময় ডিপজলসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই নিয়মিত কাজ করতেন উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, ওই সময়ের নানা ঘটনা সম্পর্কে তাদের জানা থাকতে পারে। তাই ডিপজল যদি মামলার বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে তা তদন্তকারীদের কাছে সাক্ষী হিসেবে তুলে ধরা উচিত। ডনকে আটক করতে সহযোগিতা করায় ডিপজলকে ধন্যবাদও জানান নীলা চৌধুরী।

ডলি জহুরকেও জিজ্ঞাসাবাদের দাবি

ডিপজলের পাশাপাশি অভিনেত্রী ডলি জহুরকেও তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন সালমানের মা। তার ভাষ্য, সালমান শাহ হত্যার দিন কী ঘটেছিল, সে সম্পর্কে ডলি জহুর অনেক কিছু জানতেন। বিভিন্ন সময় গণমাধ্যমে তিনি এ বিষয়ে বক্তব্যও দিয়েছেন বলে দাবি করেন নীলা। ডলি জহুরের সঙ্গে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের যোগাযোগ কতটা ছিল, সেটিও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ ছাড়া ডলি জহুর, বাদল খন্দকারসহ আরও কয়েকজন সালমান শাহকে নিয়ে অনেক তথ্য জানেন বলে দাবি করেন নীলা। প্রয়োজন হলে তাদের কাউকে মামলায় আসামি করার কথাও বলেন তিনি। তার অভিযোগ, চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন সালমান শাহকে বিভিন্নভাবে বিরক্ত করেছিলেন।

এফডিসিতে ডনের উপস্থিতি নিয়েও প্রশ্ন

সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন হক ভোট দিয়েছেন বলেও অভিযোগ করেছেন নীলা চৌধুরী। হত্যা মামলার একজন আসামি কীভাবে এফডিসিতে গিয়ে নির্বাচনে অংশ নিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর প্রসঙ্গ তুলে নীলা অভিযোগ করেন, ডনকে এফডিসিতে স্বাগত জানানো হয়েছিল। তার দাবি, ডনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে তাকে বরণ করে নেওয়ার ঘটনা অনেক প্রশ্নের জন্ম দেয়।

হুমকি দেওয়ার অভিযোগ

ডন হক আটকের পর সালমান শাহর মামা কুমকুমকে নতুন করে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন নীলা চৌধুরী। একই সঙ্গে সালমানের ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এসব হুমকির স্ক্রিনশট তার কাছে রয়েছে বলেও জানান নীলা।

তার ভাষ্য, হুমকি দিয়ে সালমান শাহ হত্যার বিচারপ্রক্রিয়া থামানো সম্ভব নয়। বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত মামলার বিচার শেষ করার দাবি জানান তিনি।

বিচার দাবিতে ভক্তদের মানববন্ধন

সালমান শাহ হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। দেশের ৬৪ জেলার ভক্তরা ঢাকার প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানান।

ভক্ত ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল বলেন, ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ড সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। পাশাপাশি মামলার আসামি সামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তাকে এবং অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। দাবি পূরণ না হলে দেশের ৬৪ জেলায় আবারও মানববন্ধনের ঘোষণা দেন ভক্তরা।

উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।


মামলার অন্য আসামিরা হলেন, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।


দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার শেষ করার দাবিতে সালমান শাহর পরিবার ও ভক্তরা ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর