সিলেট বিভাগে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত আরও ৯১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে এ রোগে মারা গেছে ৮ মাস বয়সী এক শিশু। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম-রুবেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের শনিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত এক দিনে নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪ জনে পৌঁছেছে।
জেলাভিত্তিক হিসাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা সিলেটে ৩৩৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে রুবেলায় আক্রান্ত দুজন রোগীও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯১ সন্দেহজনক রোগীর মধ্যে ৪১ জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৩৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, দুজনকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম আক্রান্ত ৩২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন ভর্তি আছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের দিরাই এলাকায়। ৮ মাস বয়সী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চলতি বছরে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। জেলাটিতে এ রোগে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ৫১, হবিগঞ্জে ১৪ এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্ত হয়েও এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন রয়েছেন। সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা এখন ১৪২ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব বলছে, প্রতিদিনই নতুন করে হাম রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে সন্দেহজনক রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ বেশি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত রোগী শনাক্ত, যথাযথ চিকিৎসা এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
আজকের সিলেট/ জেকেএস









