বিয়ানীবাজারে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়। আটকরা হলেন, গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ী এলাকার লায়েক আহমদ (৩৫), জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের দেলোয়ার হোসেন (৪০) এবং গোলাপগঞ্জের বারকোট গ্রামের আবু তাহের আবু (২৬)।
গত শুক্রবার রাতে বিয়ানীবাজার থানার চারখাই ইউনিয়নের কচকটখাঁ এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার একটি দল চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








