শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগ পাওয়ার পরও এ পদে যোগদান করবেন না বলে জানিয়েছেন তিনি।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হককে শাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।
নিয়োগের পর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক আতিকুল হক জানান, তিনি কোষাধ্যক্ষ পদে যোগদান করেননি এবং যোগদানের কোনো ইচ্ছাও নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করিনি এবং যোগদান করার কোনো ইচ্ছাও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে অধ্যাপক আতিকুল হক আরও বলেন, মনের মধ্যে কোনো জটিলতা বা নিজের সঙ্গে কোনো দ্বন্দ্ব রেখে এতসব জটিল বিষয় ও নানা কৌশলের সঙ্গে ব্যর্থভাবে মানিয়ে চলার চেয়ে, তিনি যে কাজে আনন্দ ও সন্তুষ্টি পান, সেটিই চালিয়ে যাওয়া তার জন্য ভালো।
তিনি আরও উল্লেখ করেন, ২০০৬ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে যে কাজ করে আসছেন, সেটিতেই তিনি আনন্দবোধ করেন। এ কারণে তাকে যেন কেউ অভিনন্দন না জানান, সে অনুরোধও করেন তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে জানতে অধ্যাপক আতিকুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বর্তমানে অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজকের সিলেট/এপি









