মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছাতির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার ৫ নম্বর পুলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।
জানা যায়, উপজেলার ৫ নম্বর পুল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ছাতির মিয়া নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ অভিযান পরিচালনাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ছড়ার অন্য পাশ দিয়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি-মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








