শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ PM

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০১:৪৯:১৯ PM

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাবিপ্রবি আইন, ১৯৮৭-এর ৩ ধারা অনুসারে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের দিন থেকে তাঁর উপ-উপাচার্য পদে দায়িত্ব পালনের মেয়াদ হবে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে আসে সেই সময় পর্যন্ত নিয়োগ বহাল থাকবে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য ভাতাদি পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী উপ-উপাচার্য পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নির্ধারিত ক্ষমতা প্রয়োগের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত দায়িত্বও তাঁকে পালন করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর