সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত চার মাস বয়সী আবু বক্কর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে তার মৃত্যু হয।
এ নিয়ে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের মোট সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকালের মধ্যে দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাত মাস বয়সী তাইফা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জাকির হোসেনের মেয়ে।
হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয় জনের ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছিল। বাকি ১১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৭৭৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।
আজকের সিলেট/এপি









