সিলেটে টানা কয়েক দিনের বৃষ্টির পর সোমবার দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের অনেক স্থানে মাঝারি থেকে ভারী অথবা অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রপাতের শঙ্কা রয়েছে।
সোমবার সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, গত ৩৬ ঘণ্টায় সিলেট অঞ্চলে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায়ও আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তবে আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস।
সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে ৭৩ শতাংশে নেমে আসে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩৯ দশমিক ০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সর্বশেষ ৩৬ ঘণ্টায় সিলেটে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজকের সিলেট/এপি









