প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকায় বন্যাকবলিত মানুষের কাছে শুকনা খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ এবং পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গবাদিপশুর চিকিৎসাসেবা দিয়েছে বাহিনীটি।
সোমবার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি গ্রামে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
এসময় ক্যাম্পে আসা বন্যাকবলিত প্রায় ৪০০ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং আরও ২০০ পরিবারের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দিতে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পৃথক দল দিনব্যাপী কাজ করে।
কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহার। দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে থাকা অসহায় মানুষের কাছে ড্রোনের মাধ্যমে শুকনা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। বিজিবির ভাষ্য, এ প্রযুক্তির ব্যবহার দুর্গম এলাকায় দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক বলেন, বন্যাকবলিত অসহায় মানুষের জন্য ৫৫ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও ত্রাণ সহায়তা পেয়েছেন, যা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিজিবির শ্রীমঙ্গল ক্যাম্পের মেডিক্যাল অফিসার মেজর ইদি আমিন, চিকিৎসক ডা. অরুন্ধতি পাল, ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








