মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে ডুবে মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মাসুক মিয়া হীরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।
শনিবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুক মিয়া ও বলাই দাশ নামে দুই কৃষক প্রতিদিনের মতো শনিবার সকাল ৯টার দিকে ধলাই নদীর অপর পারে হকতিয়ার খোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল সাড়ে ১০টায় ঘাস কেটে বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি। সঙ্গে থাকা বলাই দাশ সাঁতরে এ পারে পৌঁছাতে পারেলও মাসুক মিয়া নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।
নদীর পাড়ে থাকা অন্যরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে তিনি নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা জানান, নদীতে পানি ও স্রোত দুটোই বেশি ছিল। ঘাসের বস্তা মাথায় নিয়ে নদী পার হতে গিয়ে স্রোতের টানে তিনি আর নিজেকে সামলাতে পারেননি।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাসুক মিয়ার কোনো সন্ধান মেলেনি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.ফারুকুল ইসলাম জানান, উদ্ধারকাজে সহায়তার জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে তারা আসলে উদ্ধারকাজ শুরু করা হবে।
আজকের সিলেট/এপি









