সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৩ AM

সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৬:১০:১১ PM

সিলেটে ৩০ ঘণ্টায় ১২৮ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড


সিলেটে গত ৩০ ঘণ্টায় ১২৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দুপুরে সিলেট আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় মোট ১২৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ দশমিক ৬ মিলিমিটার এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আগামী রোববার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। তবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। টানা ভারী বর্ষণের কারণে সিলেটের নিচু এলাকা ও পাহাড়ঘেঁষা অঞ্চলে জলাবদ্ধতা এবং স্থানীয়ভাবে পাহাড়ি ঢল বা স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর